24.6.21
একদিনে করোনা শনাক্ত ৬ হাজার ৫৮ জন, মৃত্যু ৮১
মাতুব্বর সুজন:- বৃহস্পতিবার (২৪ জুন ২০২১) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৫৫ ও নারী ২৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২, বেসরকারি হাসপাতালে ১৪ এবং বাসায় ১০ জন মারা যান। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৬৮ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ছয় হাজার ৫৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ ও ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। এতে নতুন করে ছয় হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৯৪ হাজার ৭৮৩ জনে। সূত্র: ডিবিসি টিভি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment